স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

ঢাকা, ৬ মার্চ – দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় সংস্থাটি। বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই স্বর্ণের নতুন এ দাম কার্যকর হয়েছে যা শুক্রবারও বলবৎ রয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায়। স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও কমানো হয়েছে।
ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপার ভরি ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ২৪ টাকা ধার্য করা হয়েছে। উল্লেখ্য, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে।
এস এম/ ৬ মার্চ ২০২৬









