শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফেরানোর চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ জুলাই – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় সব আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে ৫৯০টি মামলা বিচারাধীন রয়েছে। ১২টি মামলার তদন্ত শেষ পর্যায়ে এবং এগুলো আনুষ্ঠানিক অভিযোগ গঠনের অপেক্ষায় আছে। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনে ট্রাইব্যুনাল সংখ্যা, প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তার সংখ্যা বাড়ানো হবে।
আওয়ামী লীগের দলগত বিচারের বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন যে, আইন সংশোধনের মাধ্যমে এ সংক্রান্ত আইনি ভিত্তি ইতোমধ্যে তৈরি করা হয়েছে।
সংবিধান সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং ভবিষ্যতে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সরকার কাজ করছে।
সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের জন্য পাঁচটি আসন এখনও রাখা হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের জন্য আর্থিক সহায়তার বিস্তারিত তথ্য সংসদকে জানান মন্ত্রী। প্রতিটি শহীদ পরিবারের জন্য ৩০ লাখ টাকা এবং আহতদের ধরন অনুযায়ী ১ থেকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের প্রয়োজনে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে এবং আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে।
সরকারি হিসাব অনুযায়ী গেজেটভুক্ত শহীদের সংখ্যা ৮৪৩ এবং আহত হয়েছেন ১৫ হাজার ২১২ জন। মন্ত্রী স্পষ্ট করেন যে বর্তমান সরকারের পররাষ্ট্রনীতি হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে এবং এক্ষেত্রে বাংলাদেশের স্বার্থই সবার আগে প্রাধান্য পাবে।
পরিশেষে তিনি বলেন এই অভ্যুত্থান ছিল সমগ্র দেশের মানুষের সম্মিলিত জাগরণ এবং গুম খুন ও নির্যাতনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ফসল। শহীদ ও আহত প্রত্যেক মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
এনএন/ ১৪ জুলাই ২০২৬









