ভ্যাট কমানো হলেও কমেনি এলপিজি সিলিন্ডারের দাম, গ্রাহকদের ক্ষোভ

ঢাকা, ৫ মার্চ – তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির ওপর থেকে সরকার ভ্যাট কমালেও সাধারণ ক্রেতারা এর কোনো সুফল পাচ্ছেন না। দেশের বিভিন্ন স্থানে এবং বিশেষ করে রাজধানীর বাজারগুলোতে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে রান্নার এই গ্যাস।
সরকারিভাবে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হলেও বাস্তবে তা মানা হচ্ছে না। অধিকাংশ খুচরা দোকানে নির্ধারিত দরের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি দাম নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন ক্রেতারা। দোকানিরা পরিবহন খরচ বা সরবরাহে সংকটের অজুহাত দেখিয়ে এই অতিরিক্ত টাকা আদায় করছেন।
অনেক এলাকায় পাইপলাইনের গ্যাস না থাকায় মানুষ বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করছেন এবং বাড়তি ব্যয়ের চাপে পড়ছেন।
কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা রাসেল হোসেন জানান সিলিন্ডার এখনো আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। তিনি বলেন দুই দিন আগেও ১ হাজার ৭০০ টাকা দিয়ে সিলিন্ডার কিনতে হয়েছে। দাম কমার কথা শুধু শোনা যায় কিন্তু বাজারে এর কোনো প্রতিফলন নেই।
একই রকম হতাশা প্রকাশ করেছেন মিরপুরের বাসিন্দা রোকসানা আক্তার। তিনি জানান সংসারের খরচ এমনিতেই বেশি তার ওপর সরকারি রেটের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। এসব তদারকির যেন কেউ নেই।
যাত্রাবাড়ীর বাসিন্দা তানজিল হোসেনের মতে সিলিন্ডারের দামের কোনো নির্দিষ্ট ঠিক নেই। কখনো ১৮০০ আবার কখনো ১৯০০ টাকা দিয়ে কিনতে হয়। লাইনের গ্যাস না থাকায় বাধ্য হয়েই চড়া দামে সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে।
অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন ডিলারদের কাছ থেকে বেশি দামে কেনা এবং পরিবহন খরচসহ নানা কারণে সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি করা সম্ভব হচ্ছে না।
বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তার ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এক বিজ্ঞপ্তিতে এলপি গ্যাসের ওপর ভ্যাট কমানোর তথ্য জানায়। নতুন নিয়মে স্থানীয় উৎপাদন ও বিপণন পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে কেবল আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে যা ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এই পুনর্বিন্যাসের ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিতরণ পর্যায়ে মূল্য সংযোজনের ওপর আর কোনো ভ্যাট প্রযোজ্য হবে না।
এনবিআর আশা করেছিল এই পদক্ষেপের ফলে ভোক্তাদের ওপর ভ্যাটের চাপ প্রায় ২০ শতাংশ কমবে। তবে বাস্তবে ভোক্তাদের সেই বাড়তি দামেই গ্যাস কিনতে হচ্ছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি গত ২ মার্চ এলপি গ্যাসের নতুন দাম ঘোষণা করে। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা অপরিবর্তিত রাখা হয়। এছাড়া সাড়ে ১২ কেজির দাম ১ হাজার ৩৯৭ টাকা এবং ১৫ কেজির দাম ১ হাজার ৬৭৬ টাকা নির্ধারণ করা হয়।
তবে সরকারি এই নির্দেশনা মাঠপর্যায়ে কার্যকর হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।
এনএন/ ৫ মার্চ ২০২৬









