ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি পেন্টাগনের, সংঘাত চলতে পারে সেপ্টেম্বর পর্যন্ত

জেরুজালেম, ৫ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছে। ইসরায়েলের সঙ্গে যৌথভাবে পরিচালিত এই সংঘাত সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থায়ী হতে পারে বলে নতুন সামরিক পরিকল্পনায় ইঙ্গিত পাওয়া গেছে।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর একটি প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম পেন্টাগনের কাছে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে। ফ্লোরিডার ট্যাম্পায় অবস্থিত সেন্টকমের সদর দপ্তরে এই অতিরিক্ত জনবল নিয়োগের কথা বলা হয়েছে।
এই কর্মকর্তারা কমপক্ষে ১০০ দিন পর্যন্ত চলমান অভিযানে সহায়তা করবেন এবং প্রয়োজন হলে তা সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে ইরানের বিরুদ্ধে গোয়েন্দা কার্যক্রম জোরদার করার এটিই প্রথম দৃশ্যমান পদক্ষেপ। এর মাধ্যমে স্পষ্ট হচ্ছে যে ওয়াশিংটন শুরুতে জনসাধারণের সামনে যুদ্ধের যে সময়সীমা তুলে ধরেছিল বাস্তবে তার চেয়ে অনেক দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন হচ্ছে।
এর আগে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন সামরিক অভিযান চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে। তবে তিনি সতর্ক করে দিয়েছিলেন যে যুদ্ধ এর চেয়েও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। হঠাৎ করে অতিরিক্ত জনবল ও সম্পদ সংগ্রহের এই তৎপরতা প্রমাণ করে যে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে শুরু করা এই সংঘাতের ব্যাপ্তি সম্পর্কে ওয়াশিংটন পুরোপুরি প্রস্তুত ছিল না।
সাধারণত এ ধরনের বড় সামরিক অভিযানের পরিকল্পনা কয়েক মাস আগে থেকেই করা হয়ে থাকে। পেন্টাগনের ত্বরিত তৎপরতা দেখে বিশ্লেষকরা মনে করছেন কর্মকর্তারা ইরানে হামলার সম্ভাব্য প্রতিক্রিয়া ও পরিস্থিতির বিস্তার সম্পর্কে হয়তো সঠিক ধারণা করতে পারেননি।
এর আগে ২৫ ফেব্রুয়ারি পলিটিকোর আরেকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টারা চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার আগে ইসরায়েল যেন প্রথমে ইরানে আঘাত হানে। শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে এবং এর ফলে ওয়াশিংটন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়েছে।
এম ম/ ৫ মার্চ ২০২৬









