বন্ধ পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় চালুর উদ্যোগ, রপ্তানিতে জোর

ঢাকা, ৫ মার্চ – দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দেশের পাটকলগুলো পুনরায় চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এসব মিল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা হবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর পাট খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে। সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে পাটশিল্পের বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, বন্ধ মিলগুলো চালু করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ চলমান রয়েছে।
মিলগুলো চালুর নির্দিষ্ট সময়সীমা এখনই নির্ধারণ করা না হলেও এ বিষয়ে দ্রুত অগ্রগতির আশাবাদ ব্যক্ত করেন তিনি। ইতোমধ্যে বিজেএমসির অধীন কয়েকটি পাটকল দীর্ঘমেয়াদি ইজারার মাধ্যমে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ইজারাকৃত নয়টি পাটকলে প্রায় সাত হাজার ২০০ শ্রমিক কাজ করছেন। লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ২০২৫–২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে ৪১৮ দশমিক ৬৯ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।
কাঁচা পাট রপ্তানি তুলনামূলক কম লাভজনক হওয়ায় এবং দেশীয় শিল্পের কাঁচামাল সংকট এড়াতে সরকার কাঁচা পাট রপ্তানি নিরুৎসাহিত করছে। এর পরিবর্তে প্রক্রিয়াজাত ও মূল্য সংযোজিত পাটপণ্য রপ্তানিতে কর ছাড় ও নগদ সহায়তার পরিকল্পনা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নয় দিনব্যাপী পাটপণ্যের মেলা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে দিবসটির উদ্বোধন করবেন। এছাড়া সরকারি বিভিন্ন খাদ্য সহায়তা কর্মসূচিতে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে বলেও জানান প্রতিমন্ত্রী।
এস এম/ ৫ মার্চ ২০২৬









