কুমিল্লা

দেবিদ্বারে এমপির আলটিমেটাম অকার্যকর, ফুটপাত ছাড়েননি হকাররা

কুমিল্লা, ৫ মার্চ – কুমিল্লার দেবিদ্বার পৌর সদরের ফুটপাত দখলমুক্ত করার লক্ষে স্থানীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ হকারদের সরে যাওয়ার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে সেই সময়সীমা পার হয়ে এক সপ্তাহ অতিবাহিত হলেও ফুটপাত ছাড়েননি ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত আগের মতোই ফুটপাতের ওপর তাঁদের কেনাবেচা করতে দেখা গেছে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ব্যবসায়ীদের ফুটপাত ছাড়ার নির্দেশ দিয়েছিলেন সংসদ সদস্য। ওই সময় ব্যবসায়ীদের জন্য দেবিদ্বার পুরান বাজারে পৌরসভার কিচেন মার্কেটে ছয় মাস বিনা ভাড়ায় ব্যবসা করার সুযোগ দেওয়ার আশ্বাস দেওয়া হয়। এ ছাড়া জেলা পরিষদ মার্কেটের আন্ডারগ্রাউন্ডেও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল। কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীরা এই দুটি স্থানের কোনোটিতেই যাননি। যদিও নির্দিষ্ট সময়ে ফুটপাত ত্যাগ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি। ফুটপাত দখল করা ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি হলো নির্ধারিত স্থানগুলোতে ক্রেতারা যাবেন না।

যদি কাঁচাবাজারসহ মাছ ও মাংসের বাজারও সেখানে স্থানান্তর করা হয় তবেই তাঁরা ফুটপাত ত্যাগ করবেন। এতে ক্রেতাদের আগ্রহ বাড়বে বলে তাঁরা মনে করেন। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম জানিয়েছেন যে ফুটপাত দখলের ফলে পথচারীদের ভোগান্তি ও যানজট সৃষ্টি হচ্ছে। তাই সংসদ সদস্য ব্যবসায়ীদের সরে যেতে বলেছিলেন। তিনি আরও জানান যে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে এ বিষয়ে একটি সুষ্ঠু সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এসএএস/ ৫ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language