হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের, মার্কিন জাহাজে হামলার দাবি

হরমুজ প্রণালী, ৩ মার্চ – বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে আইআরজিসি প্রধানের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারির বরাতে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়।
এই ঘোষণার পর পারস্য উপসাগরীয় অঞ্চলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও ইরান প্রণালীটি পুরোপুরি বন্ধের দাবি করেছে, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ভিন্ন তথ্য দিয়ে জানিয়েছে, হরমুজ প্রণালী এখনো নৌ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে। তবে আইআরজিসি দাবি করেছে, তারা আথে নোভা নামের একটি মার্কিন সংশ্লিষ্ট তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে এবং সেটিতে আগুন জ্বলছে। মূলত গত ২৮ ফেব্রুয়ারি ইরান অভিমুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলার প্রতিক্রিয়া হিসেবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়, ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান ও পশ্চিমা দেশগুলোর সংঘাত চরমে পৌঁছেছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয়। ইরানের এই কঠোর অবস্থানের কারণে সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এস এম/ ৩ মার্চ ২০২৬









