জাতীয়

মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ৩ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং পরবর্তী পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ঢাকা।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সরকারের এই অবস্থানের কথা তুলে ধরেন।

সরকারের প্রথম বিবৃতিতে হামলার শিকার হিসেবে ইরানের নাম উল্লেখ না করায় যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সে প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন যে বাংলাদেশের মূল লক্ষ্য প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন যে যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান বয়ে আনে না এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান হওয়া জরুরি।

এর আগে শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর খবর পাওয়া যায়। এর জেরে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়। চলমান এই সংঘাতে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দুজন বাংলাদেশি নিহত এবং সাতজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হলেও ইরানের নাম বাদ পড়ায় সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার আরেকটি বিবৃতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার ঘটনায় সরকার গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করে।

সোমবার প্রবাসীদের সার্বিক পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, কুয়েত, বাহরাইন ও কাতারের মন্ত্রীদের সঙ্গে তার টেলিফোনে আলাপ হয়েছে এবং তারা বাংলাদেশিদের পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষার আশ্বাস দিয়েছেন। বিমান চলাচল স্বাভাবিক হলে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার কথাও জানান তিনি।

এছাড়া কোনো প্রবাসী দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করা হয়েছে।

এনএন/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language