মধ্যপ্রাচ্য ছাড়তে নাগরিকদের সহায়তা করছে যুক্তরাজ্য, সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা

ওয়াশিংটন, ২ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নিজ নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে সহায়তা দল পাঠাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার সংবাদমাধ্যম স্কাই নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান ওই অঞ্চলে অবস্থানরত আনুমানিক তিন লাখ ব্রিটিশ নাগরিক নিজেদের উপস্থিতি জানিয়ে সরকারের কাছে নিবন্ধন করেছেন। এদিকে ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান।
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোডোলিডেস বিষয়টি নিশ্চিত করে জানান রবিবার দিবাগত রাতে শাহেদ ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। এতে সামান্য পরিমাণে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে তিনি স্পষ্ট করেন যে সাইপ্রাস কোনোভাবেই কোনো সামরিক অভিযানে অংশ নেয় না এবং নিতেও চায় না। তবে উদ্ভূত পরিস্থিতিতে ইউরোপীয় ও অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে তারা নিয়মিত যোগাযোগ রাখছেন। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছিলেন যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন উপসাগরীয় অঞ্চলে মিত্ররা নিজেদের রক্ষায় সহায়তা চেয়েছে। সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধবিমান আকাশে রয়েছে এবং সেগুলো ইরানের হামলা প্রতিহত করছে। তিনি আরও উল্লেখ করেন হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো উৎসমুহে বা লঞ্চারে ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে বলেও তিনি নিশ্চিত করেন। উল্লেখ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যের কাতার কুয়েত বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ওমান ও সৌদি আরবে অবস্থিত মার্কিন স্বার্থে ইরানি বাহিনী হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এস এম/ ২ মার্চ ২০২৬









