আমিরাতে আটকা ২০ হাজার যাত্রী, থাকা-খাওয়ার খরচ দিচ্ছে সরকার

রিয়াদ, ২ মার্চ – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রত্যক্ষ প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতে। সংঘাতময় পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় দেশটিতে আটকা পড়েছেন হাজার হাজার ভ্রমণকারী। তবে এই বিপদে যাত্রীদের পাশে দাঁড়িয়েছে ইউএই সরকার। আটকে পড়া যাত্রীদের খাবার ও আবাসনের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অপারেশন এপিক ফিউরি নামক অভিযানের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার খবর ছড়িয়ে পড়ার পরই উত্তেজনা চরম আকার ধারণ করে।
এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা মিসাইল হামলা চালায় ইরান। এই পাল্টাপাল্টি হামলার জেরে গত শনিবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের প্রধান বিমানবন্দরগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এর ফলে বাতিল করা হয় অসংখ্য ফ্লাইট এবং দেশটিতে অন্তত ২০ হাজার যাত্রী আটকা পড়েন। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে পরিস্থিতি মোকাবিলায় সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ স্থানীয় হোটেলগুলোকে নির্দেশনা দিয়েছে যেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাত্রীদের অবস্থানের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়।
আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ অতিরিক্ত থাকার পুরো খরচ বহন করবে এবং অন্যান্য সূত্র থেকেও নিশ্চিত করা হয়েছে যে এই ব্যয়ভার রাষ্ট্র বহন করবে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালে আবুধাবি ও দুবাই লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে দুই শহরের আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে ফ্লাইট বাতিলের কারণে যাত্রীরা দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন এবং অনেকেই বিমানবন্দরে রাত কাটাতে বাধ্য হয়েছেন।
এস এম/ ২ মার্চ ২০২৬









