রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না গভর্নর মোস্তাকুর রহমান

ঢাকা, ২ মার্চ – কোনো প্রকার রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান। পাশাপাশি কোনো ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডি ঋণ বিতরণ অথবা সুশাসনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের শিকার হলে তা সরাসরি তাকে জানানোর নির্দেশনা দিয়েছেন তিনি। গভর্নর স্পষ্ট করেছেন যে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ব্যাংকিং খাতের চলমান সংস্কার কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
গতকাল রবিবার কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই কঠোর বার্তা প্রদান করেন। এবিবির চেয়ারম্যান ও সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনের নেতৃত্বে মোট ১৯টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এই সভায় অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গভর্নর ছাড়াও তিন ডেপুটি গভর্নর নূরুন নাহার, হাবিবুর রহমান ও কবির আহাম্মদ উপস্থিত ছিলেন। সভার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গভর্নর ব্যাংক কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে সংস্কারপ্রক্রিয়া চলমান থাকবে।
এছাড়া সরকারের এক কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের নতুন শাখা খোলার ক্ষেত্রে অফিস ভাড়ার একটি নির্দিষ্ট কাঠামো তৈরি করে দেওয়ার কথাও বলা হয়েছে, যাতে বারবার কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন না হয়। সভার বিষয়ে এবিবি চেয়ারম্যান মাসরুর আরেফিন সন্তোষ প্রকাশ করে জানান, নতুন গভর্নরের সঙ্গে প্রথম বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। গভর্নর সবার মতামত ধৈর্য সহকারে শুনেছেন এবং তার অগ্রাধিকারগুলো তুলে ধরেছেন। বিশেষ করে ব্যবসা ও উৎপাদনবান্ধব পরিবেশ তৈরি এবং খেলাপি ঋণের কারণে আটকে থাকা অকার্যকর সম্পদগুলোর উৎপাদনশীল ব্যবহারের ওপর তিনি জোর দিয়েছেন। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো কীভাবে পুনরায় চালু করা যায় তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
এস এম/ ২ মার্চ ২০২৬









