ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় অংশ নেবে না অস্ট্রেলিয়া: পেনি ওং

তেহরান, ২ মার্চ – ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা অস্ট্রেলিয়ার নেই বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। সোমবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
পেনি ওং জানান যে তারা এই হামলায় অংশ নেননি এবং ভবিষ্যতেও এমন কোনো পরিকল্পনা তাদের নেই। উল্লেখ্য যে অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের কূটনৈতিক সম্পর্ক আগে থেকেই বেশ টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনার নেপথ্যে ইরানের বিপ্লবী গার্ডের হাত রয়েছে এমন অভিযোগে ২০২৫ সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছিল।
যদিও তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। অতীতে ইরাক যুদ্ধের মতো অনেক মার্কিন নেতৃত্বাধীন অভিযানে অস্ট্রেলিয়া সক্রিয় থাকলেও এবারের ইরান সংকটে দেশটি নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে এবং নিহতদের সবাই শিশু বলে জানা গেছে।
এস এম/ ২ মার্চ ২০২৬









