ডিএমপির চার গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার পদে রদবদল

ঢাকা, ১ মার্চ – রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি গুরুত্বপূর্ণ বিভাগে উপ-পুলিশ কমিশনার বা ডিসি পদে পরিবর্তন আনা হয়েছে।
রোববার এক অফিশিয়াল প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়েছে যে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদায়ন বহাল থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী ট্রাফিক-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে গুলশান বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে গোয়েন্দা-লালবাগ বিভাগে এবং মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মইনুল হককে ট্রাফিক-রমনা বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই পুলিশ কর্মকর্তাদের এই রদবদল করা হয়েছে।
এনএন/ ১ মার্চ ২০২৬









