নাটক

অপূর্বকে টপকে গেলেন আফরান নিশো

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ তো বটেই, বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম ইউটিউব ভিউয়ের তালিকায় এক নম্বরে জায়গা করে নিয়েছে নিশো-মেহজাবীন অভিনীত নাটক ‌‘শিল্পী’। এটি এখন ইউটিউবে দ্রুততম কোটি ভিউয়ের তালিকায় প্রথম। মহিদুল মহিম পরিচালিত নাটকটি আগের সব রেকর্ড অতিক্রম করতে সময় নিয়েছে মাত্র ২৬ দিন ৯ ঘণ্টা সময়।

এর আগে, টানা ৪ বছর এই অবস্থান ধরে রেখেছিল অপূর্ব-মেহজাবীন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘‌বড় ছেলে’। এটি কোটি ভিউ অতিক্রম করতে সময় নিয়েছিল ৩৪ দিন। ৮ দিন আগেই সেই মাইলফলক ছুঁয়ে নতুন রেকর্ড তৈরি করেছে ‘শিল্পী’। শুধু তাই নয়, নাটকে ব্যবহার করা ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ গান দুটির রিমেক ভার্সনও এখন ভাইরাল।

দু’জন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘শিল্পী’। গত ১৮ জানুয়ারি নাটকটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়।

আরও পড়ুন : বাবা হারালেন অভিনেত্রী তারিন

নির্মাতা মহিদুল মহিম বলেন, ‌‘পুরো বাঙালির বুক চিন চিন ধরিয়ে আমাদের “শিল্পী” দেখিয়ে দিলো তার প্রভাব। এটাকে আমি অবিশ্বাস্য অর্জন বলবো। নাটকের প্রধান দুই শিল্পী নিশো ভাই ও মেহজাবীন আপুর অভিনয়গুণেই এটা সম্ভব হয়েছে। কৃতজ্ঞতা জানাই প্রযোজক পাপ্পু ভাইকে, তার সাহস ছাড়া এই কাজ সম্ভব হতো না। সবচেয়ে বড় ধন্যবাদ দর্শকদের। তারাই আমাদের মূল কারিগর।’

এদিকে এমন অর্জনে উচ্ছ্বসিত প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু। তিনি বলেন, ‘আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার জন্য এই অর্জনটি আমাদের উৎসাহ যোগাবে। অভিনন্দন জানাই নির্মাতা মহিদুল মহিম, শিল্পী আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। ধন্যবাদ জানাচ্ছি গণমাধ্যমের সকল বন্ধুদের, যারা সবসময় আমাদের সাপোর্ট দিয়ে আসছেন। দর্শকদের ভালোবাসা না থাকলে এই সফলতা সম্ভব ছিলো না।’

সিএমভি’র হেড অব ডিজিটাল কমিউনিকেশনস সালেহ খান শাওন জানান, ইউটিউবের ভিউ বিচারে দ্রুততম সময়ে ১০ মিলিয়ন বা এক কোটির ঘর অতিক্রম করা ১০টি বাংলা নাটকের মধ্যে এখন এক নম্বরে আছে ‘শিল্পী’। এটি সময় নিয়েছে মাত্র ২৬ দিন। দ্বিতীয় স্থানে ‘বড় ছেলে’ (৩৪ দিন)।

এন এইচ, ১৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language