রাঙ্গামাটি

গণতান্ত্রিক সরকার উন্নয়নে কোনো বৈষম্য হতে দেবে না: দীপেন দেওয়ান

রাঙ্গামাটি, ১ মার্চ – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান মন্তব্য করেছেন যে, গণতান্ত্রিক সরকার উন্নয়ন কর্মকাণ্ডে কোনো প্রকার বৈষম্য সৃষ্টির সুযোগ দেবে না। তিনি জোর দিয়ে বলেন, পার্বত্যাঞ্চলের কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা অপরিহার্য। সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে বৈষম্যহীনভাবে এবং আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠী ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তাই সরকারি কর্মকর্তাদের জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় চিহ্নিত করে সরকার প্রধানের কাছে তুলে ধরার নির্দেশ দেন তিনি। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এবং মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা।

দীপেন দেওয়ান আরও বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের বিজু উৎসবে সরকারি ছুটির যে দাবি উঠেছে, সে বিষয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনা করা হবে। তবে উৎসবের মতো সামাজিক সম্প্রীতিও সবাইকে বজায় রাখতে হবে। ঐক্য, শান্তি এবং শৃঙ্খলা বজায় থাকলে উন্নয়নের চিত্র দ্রুত দৃশ্যমান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, বিগত সময়ে পার্বত্যাঞ্চলে যেসব উন্নয়ন কাজ হয়নি, এবার তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও কৃষি ঋণ মওকুফের মতো জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করেছেন, যার সুফল প্রতিটি ঘরে পৌঁছে যাবে।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language