ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইসরায়েল আবারও ইরানের ওপর হামলা শুরু করেছে এবং এর পরপরই বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে জানা গেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে এই হামলার বিষয়টি স্বীকার করেছেন। তেল আবিব এই অভিযানকে একটি পূর্বপরিকল্পিত বা আগাম হামলা হিসেবে অভিহিত করেছে এবং এর জবাবে ইরানও পাল্টা আক্রমণ শুরু করেছে।
আবুধাবিতে মার্কিন ঘাঁটি থাকায় সেখানে বিকট বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আকাশসীমা সাময়িক ও আংশিকভাবে বন্ধ ঘোষণা করেছে। অন্যদিকে কুয়েতে বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।
বাহরাইনের রাজধানী মানামায় মার্কিন নৌবাহিনীর ফিফথ ফ্লিট ঘাঁটির কাছেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিশ্চিত করেছে, তবে তাৎক্ষণিকভাবে এর জন্য কাউকে দায়ী করা হয়নি।
এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬









