রাজশাহী

রাবিতে বসুন্ধরা শুভসংঘের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ২৮ ফেব্রুয়ারি – পবিত্র রমজানের মহান আদর্শকে ধারণ করে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ।

শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ হবিবুর রহমান হল সংলগ্ন মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় অসচ্ছল শিক্ষার্থী ও সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণ, অগ্রগতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া পরিচালনা করেন সংগঠনের কার্যকরী সদস্য ও ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সোলায়মান ইসলাম। আয়োজকরা জানান যে রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টিই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুছ সাকিব বলেন সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে সংগঠনটিকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। রাবিসাস উপদেষ্টা নোমান ইমতিয়াজ শিক্ষার্থীদের নৈতিকতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া রাকসুর পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ বলেন বিশ্ববিদ্যালয় কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার স্থান নয় বরং এটি মানবিক মূল্যবোধ চর্চারও ক্ষেত্র। অসচ্ছল শিক্ষার্থীদের সঙ্গে ইফতার ভাগ করে নেওয়াকে তিনি একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

শাখা সভাপতি মাহবুব হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলফাজ উদ্দিন টনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্র সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক তোফায়েল আহমেদ তোফা এবং সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব। দোয়া শেষে সকলে মিলে ইফতার করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এম ম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language