জাতীয়

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদ, ২৮ ফেব্রুয়ারি – পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ওআইসিতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে দেশে ফিরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার চলমান যুদ্ধকে একটি দুঃখজনক ঘটনা হিসেবে অভিহিত করেছেন। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই সংঘাত কারো জন্যই মঙ্গলজনক নয় এবং বিষয়টি সংশ্লিষ্ট পক্ষগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ওআইসি সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিরা আশ্বস্ত করেছেন যে তাঁরা বাংলাদেশকে শুধু সমর্থনই দেবেন না, বরং বাংলাদেশের পক্ষে প্রচারণাও চালাবেন। উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ওআইসি বৈঠকে বাংলাদেশ দ্ব্যর্থহীনভাবে ভূমি ক্রয় সংক্রান্ত সাম্প্রতিক ইসরায়েলি আইনের নিন্দা জানিয়েছে। ভূমি নিয়ে ইসরায়েলের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিমানবন্দরে সংবাদ সম্মেলনের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language