নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: প্রধান অভিযুক্ত নূরাসহ গ্রেফতার ৭

নরসিংদী, ২৮ ফেব্রুয়ারি – নরসিংদীর মাধবদীতে কিশোরীকে ধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নূর মোহাম্মদ ওরফে নূরাসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে নূরাকে গাজীপুর এবং আলী হোসেনকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে স্থানীয় সালিশ বৈঠকের বিচারক ও মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি।
এর আগে শুক্রবার রাতে মাধবদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন মো. ইমরান দেওয়ান, গাফ্ফার, এবাদুল্লাহ ও মো. আইয়ুব।
প্রধান আসামি নূর মোহাম্মদ পেশায় একজন রিকশাচালক। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রায় ১৫ দিন আগে নূরার নেতৃত্বে একটি দল ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার বিচার চেয়ে নিহতের পরিবার বিএনপি নেতা আহম্মদ আলী দেওয়ানের দ্বারস্থ হলে তিনি টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে পরিবারটিকে গ্রাম ছাড়ার চাপ দেন।
পরবর্তীতে গত বুধবার রাতে মেয়েকে নিয়ে স্বজনের বাড়িতে যাওয়ার পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে অভিযুক্তরা বাবার কাছ থেকে অস্ত্রের মুখে জিম্মি করে কিশোরীকে ছিনিয়ে নেয়। পরদিন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের মা ফাহিমা বেগম বাদী হয়ে মাধবদী থানায় নয়জনকে আসামি করে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়েছে। নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬








