আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাল ভারত

নয়াদিল্লি, ২৭ ফেব্রুয়ারি – আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত।
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে এই ঘটনার কঠোর সমালোচনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে পাকিস্তানের চালানো এই বিমান হামলায় নারী ও শিশুসহ অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে অন্য দেশের ওপর দায় চাপানোর চেষ্টা করে আসছে। আফগানিস্তানে এই হামলা তেমনই একটি প্রচেষ্টা বলে তিনি মন্তব্য করেন। একইসঙ্গে তিনি আফগানিস্তানের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি ভারতের দৃঢ় সমর্থনের কথা জানান।
উল্লেখ্য, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পাক সেনাদের ওপর আফগান বাহিনীর অতর্কিত হামলার জবাবে পাকিস্তান সম্প্রতি কাবুলসহ বিভিন্ন স্থানে বিমান হামলা শুরু করেছে। শুক্রবারও এই হামলা অব্যাহত ছিল বলে জানা গেছে।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









