মালয়েশিয়ায় সরকার পতনের ষড়যন্ত্রে তদন্ত চলছে: পুলিশ প্রধান

কুয়ালালামপুর, ২৭ ফেব্রুয়ারি – মালয়েশিয়ার বর্তমান সরকার পতন ও জাতীয় স্থিতিশীলতা বিনষ্ট করার অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক জেনারেল মোহাম্মদ খালিদ ইসমাইল। সম্প্রতি দায়ের করা একটি পুলিশ প্রতিবেদনের অনুলিপি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। অনলাইনে প্রচারিত ওই প্রতিবেদনে সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিনের স্ত্রী নাঈমাহ আব্দুল খালিদের নাম উঠে এসেছে।
তবে নাঈমাহ আব্দুল খালিদ সরকারকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টায় জড়িত থাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং অভিযোগটিকে মিথ্যা ও হাস্যকর বলে আখ্যায়িত করেছেন। পুলিশ প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই মাসে যুক্তরাজ্যে একটি ফার্মের প্রতিনিধিদের সঙ্গে দাইমের পরিবারের সদস্যরা সাক্ষাৎ করেছিলেন। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান আজম বাকির ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে অন্তত পাঁচটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এছাড়া নাঈমার বিরুদ্ধে থাকা অভিযোগ প্রত্যাহারের জন্য লবিস্ট নিয়োগের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। পুলিশের মহাপরিদর্শক এক বিবৃতিতে জানিয়েছেন, সরকার পতন ও দেশের স্থিতিশীলতা নষ্টের এই ষড়যন্ত্রে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের পাশাপাশি একটি আন্তর্জাতিক মিডিয়া সংস্থাও জড়িত রয়েছে। সংসদীয় গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার অপরাধে আইনের আওতায় এই তদন্ত পরিচালিত হচ্ছে এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে। সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বিষয়টিকে অত্যন্ত স্পর্শকাতর হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, সরকার পুলিশকে পূর্ণাঙ্গ তদন্তের দায়িত্ব দিয়েছে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের চেম্বার তদন্তকাজ কোনো হস্তক্ষেপ ছাড়াই পেশাদারভাবে পরিচালনার আহ্বান জানিয়েছে।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









