নির্বাচনে জামায়াতের নেতৃত্বে অর্থবহ ঐক্য ও বিরোধীদলের মর্যাদা অর্জিত হয়েছে: শফিকুর রহমান

সিলেট, ২৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন যে এবারের নির্বাচনে দলের তিনটি বড় অর্জন হয়েছে। তিনি উল্লেখ করেন, এবারই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে, যা আগে অন্য দলের নেতৃত্বে হতো।
দ্বিতীয়ত মহান আল্লাহ তাদের প্রধান বিরোধীদলের দায়িত্ব প্রদান করেছেন বলে তিনি মন্তব্য করেন। তৃতীয় লাভের বিষয়ে তিনি বলেন, এবার তারা ছয়টি শক্তির বিরুদ্ধে সমান্তরালে লড়াই করে সেই সম্মিলিত শক্তির সামর্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন। শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত শুরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান ভবিষৎ বাংলাদেশ ইসলামের ও মুক্তিপাগল মানুষের হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন। তিনি বলেন যে তাদের প্রথম লড়াই ছিল জাতীয় নির্বাচন এবং এখন দ্বিতীয় লড়াই হবে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে কোনো আসন যেন প্রার্থীশূন্য না থাকে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









