হলিউড

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল আমেরিকান স্ল্যাশার সিনেমা ‘স্ক্রিম ৭’

পাইন গ্রোভ, ২৭ ফেব্রুয়ারি – রহস্য ও আতঙ্কে ভরপুর আমেরিকান স্ল্যাশার ঘরানার সিনেমা ‘স্ক্রিম ৭’ বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আজ শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের সাতটি শাখায় ছবিটির মোট ১৮টি শো চলছে। এটি তিন বছর আগে মুক্তি পাওয়া ‘স্ক্রিম ৬’ সিনেমার সিক্যুয়েল এবং জনপ্রিয় স্ক্রিম ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি।

সিনেমাটি পরিচালনা করেছেন কেভিন উইলিয়ামস, যিনি এই সিরিজের মূল লেখক হিসেবেও পরিচিত। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, জেসমিন স্যাভয় ব্রাউন, ম্যাসন গুডিং, ডেভিড আর্কেট, ম্যাথিউ লিলার্ড এবং কোর্টেনি কক্স। এবারের কিস্তির গল্পে রোমাঞ্চ ও ভয়ের পাশাপাশি সম্পর্কের টানাপোড়েন এবং অতীতের মুখোমুখি হওয়ার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।

কাহিনীতে দেখা যাবে, সিডনি প্রেসকট ইন্ডিয়ানার পাইন গ্রোভ নামক শান্ত শহরে নিজের জন্য একটি নতুন জীবন গড়ে তুলেছেন। তবে সেখানেও হানা দেয় নতুন এক ঘোস্টফেস কিলার। এবার খুনির লক্ষ্যবস্তু সিডনির মেয়ে ট্যাটুম। হত্যাকাণ্ড চিরতরে বন্ধ করতে সিডনিকে আবারও তার অতীতের মুখোমুখি হতে হয় এবং এভাবেই এগিয়ে যায় সিনেমার কাহিনী। উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হয়ে মার্চ মাসে শেষ হয়েছিল।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language