ঝিনাইদহ

ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

ঝিনাইদহ, ২৭ ফেব্রুয়ারি – ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সভা চলাকালে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঝিনাইদহ ৪ আসনে বিএনপি প্রার্থী রাশেদ খানের উপস্থিতিতেই এই সংঘর্ষ শুরু হয় এবং এ সময় ২ পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে কালীগঞ্জ থানা মোড়ে রাশেদ খানের নির্বাচনী কার্যালয়ে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান দুপুরের দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খানের দলীয় কার্যালয়ে মহারাজপুর ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের নিয়ে নির্বাচন পরবর্তী করণীয় বিষয়ে সভা চলছিল।

সভা চলাকালে নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। সে সময় নেতাকর্মীদের একটি অংশ কালীগঞ্জ থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দুই পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ বেধে যায়। এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে দুই পুলিশ কনস্টেবলসহ বিএনপির ১০ নেতাকর্মী আহত হন।

রাশেদ খান জানান তিনি কালীগঞ্জে এসেছেন শুনে অনেক নেতাকর্মী তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য কার্যালয়ে আসেন এবং সেখানে নেতাকর্মীদের দুইটি পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তিনি উভয়পক্ষের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন থানার সামনেই ঝিনাইদহ ৪ আসনের ধানের শীষের নির্বাচনী কার্যালয় এবং ওই কার্যালয়ে বিএনপির কর্মীদের সভা চলছিল।

তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এবং পরে তাদের একটি পক্ষ থানায় ঢুকে পড়লে অপরপক্ষ থানা এলাকার মধ্যে ঢুকে হামলা চালায়। সেসময় দুই পুলিশ সদস্য আহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এম ম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language