ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় মন্ত্রীর প্রটোকলে যাওয়ার পথে পুলিশভ্যান উল্টে আহত ৮

ব্রাহ্মণবাড়িয়া, ২৭ ফেব্রুয়ারি – ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীকে প্রটোকল দিতে যাওয়ার পথে পুলিশবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি দল ঢাকা মেট্রো-ঠ-১৪-৩০৬৩ নম্বরের গাড়িতে করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির প্রটোকল ডিউটিতে যাচ্ছিল। ভেলানগর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে জমিতে উল্টে পড়ে।

এ ঘটনায় নায়েক জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এ ছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জুয়েল মিয়া ও শরিফের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় স্থানান্তর করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসএএস/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language