পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দেশের ফুটবলের সার্বিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি সুদৃঢ় করতে খেলাধুলার ভূমিকা কতটুকু এবং কীভাবে তা কাজে লাগানো যায়, সে বিষয়েও মতবিনিময় করেন তারা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী খেলাধুলাকে জাতীয় ঐক্য, অপার সম্ভাবনা ও বৈশ্বিক সম্প্রীতির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
বৈঠকে উভয় পক্ষই ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বিভিন্ন সম্ভাবনাময় উদ্যোগ গ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









