ক্রিকেট

২২ বছর পর শচীনের বিতর্কিত আউট নিয়ে ভুল স্বীকার করলেন আম্পায়ার বাকনার

জামাইকা, ২৬ ফেব্রুয়ারি – আম্পায়ারিং জীবনে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ বাকনার যার ফলে ভুগতে হয়েছে ব্যাটারদের।

বিশেষ করে সাবেক আম্পায়ার স্টিভ বাকনারের ভুল সিদ্ধান্তের শিকার সবচেয়ে বেশি হতে হয়েছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। অবশেষে ২২ বছর পর সেই বিতর্কিত আউট নিয়ে নিজের ভুল স্বীকার করলেন ৭৯ বছর বয়সি জামাইকান এই আম্পায়ার।

২০০৩-০৪ সালে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছিলেন শচীন কিন্তু ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়া টেস্টে মাত্র ৩ রানে আউট হন তিনি। জেসন গিলেসপি এবং অ্যাডাম গিলক্রিস্টদের এলবিডব্লিউয়ের আবেদনে সাড়া দিয়ে সোজা আঙুল উপরে তুলে দেন বাকনার।

শচীন নিজেও সেই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলেন কারণ বলের পিচ ছিল অফ স্টাম্পের বাইরে এবং উচ্চতা ছিল উইকেটের অনেকটা উপরে। বাকনারের মতো অভিজ্ঞ আম্পায়ারের চোখে এই ধরনের ভুল হওয়ার কথা নয় বলে তখন অনেকেই মনে করেছিলেন এবং অনেকে এমনও বলেছিলেন যে তিনি শচীনকে দেখলে ইচ্ছাকৃতভাবে আউট দিতেন।

সেই ঘটনা প্রসঙ্গে বাকনার এখন স্বীকার করেছেন যে শচীনের ওই এলবিডব্লিউ সিদ্ধান্তটি ভুল ছিল। তিনি বলেন মানুষ হিসেবে জীবনে ভুলভ্রান্তি হতেই পারে এবং তিনি সেই ভুল মেনে নিয়ে জীবন পথে এগিয়ে গেছেন। ভুল স্বীকার করলেও বাকনার ক্ষমা চাইতে নারাজ।

উল্লেখ্য শুধু এই একটি ঘটনা নয় শচীনের বিরুদ্ধে এমন একাধিক ঘটনা ঘটেছে এবং সৌরভ গাঙ্গুলিসহ অনেক ভারতীয় ব্যাটারই বাকনারের ভুলের শিকার হয়েছেন। তবে বিপক্ষ দলের ব্যাটারদের ক্ষেত্রে ঘটনাটা ছিল উল্টো। এর আগে ২০০৮ সালের সিডনি টেস্টের ভুলের কথাও স্বীকার করেছিলেন তিনি আর এবার মানলেন ব্রিসবেনের ভুল।

এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language