রূপগঞ্জে চাঁদা না পেয়ে রপ্তানিমুখী কারখানায় হামলা ও মালামাল লুটপাটের অভিযোগ

রূপগঞ্জ, ২৫ ফেব্রুয়ারি – নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে চাঁদা না দেওয়ায় একটি রপ্তানিমুখী কারখানায় হামলা, ভাঙচুর ও ট্রাক এনে পণ্য লুটপাটের অভিযোগ উঠেছে। বিএলও ওয়্যার নেইল ইন্ডাস্ট্রিজ নামের ওই প্রতিষ্ঠানটির মালিক শারীরিক প্রতিবন্ধী মনোয়ার হোসেন। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই কারখানার জিআই তার সুইজারল্যান্ড ও জার্মানিসহ ১২টি দেশে রপ্তানি হয়। সম্প্রতি কারখানাটিতে হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
কারখানার ব্যবস্থাপক অলিউল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি কারখানাটিতে কর্মীদের মারধর, ভাঙচুর এবং ট্রাক এনে মালামাল লুট করা হয়। হামলার জেরে দুই দিন উৎপাদন বন্ধ থাকার পর শিল্প পুলিশের পাহারায় বর্তমানে সীমিত পরিসরে কার্যক্রম চলছে। মালিকপক্ষের অভিযোগ, স্থানীয় বিএনপি নেতা পরিচয় দিয়ে একদল লোক কারখানার মালিকের কাছে এককালীন ১০ লাখ টাকা ও মাসিক ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবি পূরণ না হওয়ায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত আকনের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় কারখানার ব্যবস্থাপক অলিউল্লাহ খান ও কর্মচারী জুলহাস উদ্দিন আহত হন এবং তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং প্রায় ১ কোটি ৬৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ভুক্তভোগী মালিক মনোয়ার হোসেনের দাবি, মামলা করতে গেলে পুলিশ উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুনের নাম বাদ দেওয়ার শর্ত দেয়। বাধ্য হয়ে তিনি সভাপতির নাম বাদ দিয়েই মামলা করেন।
মামলায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। তবে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন নাম বাদ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান। অন্যদিকে উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করে দাবি করেছেন, তিনি বিষয়টি জানার পর খোঁজ নিতে লোক পাঠিয়েছিলেন। জেলা বিএনপির সভাপতি মামুন মাহমুদ জানিয়েছেন, ঘটনার সত্যতা মিললে দলীয় পদবি নির্বিশেষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









