দেশের তিন বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – ঢাকাসহ তিন বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজ করছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় রয়েছে।
এই অবস্থায় বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এ ছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এই সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









