টিসিবির পণ্য কিনতে গিয়ে বিশৃঙ্খলা, চলন্ত ট্রাকের পেছনে ঝুলে পড়ে আহত নারীরা

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – পবিত্র রমজানের শুরুতেই স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম জোরদার করেছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বা টিসিবি। চিনি, ডাল, তেল, ছোলা ও খেজুরসহ বিভিন্ন পণ্য বাজারদরের তুলনায় সাশ্রয়ী মূল্যে পাওয়ায় সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে ট্রাকসেল পয়েন্টগুলোতে। তবে চাহিদার তুলনায় পণ্যের অপ্রতুলতায় বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা ও ক্রেতাদের ভোগান্তির অভিযোগ উঠছে।
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় গতকাল টিসিবির ট্রাক থেকে পণ্য কেনাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সেখানে হুড়োহুড়ির মধ্যে পণ্যবাহী ট্রাকের পেছনে ঝুলে থাকতে গিয়ে রাস্তায় পড়ে আহত হয়েছেন দুই নারী। প্রত্যক্ষদর্শীদের মতে টিসিবির পণ্য বিক্রির ট্রাক ওই এলাকায় পৌঁছালে ক্রেতাদের দীর্ঘ লাইনে বিশৃঙ্খলা দেখা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাকটি স্থান ত্যাগ করতে চাইলে কয়েকজন নারী ও পুরুষ চলন্ত ট্রাকের পেছনে ঝুলে পড়েন এবং নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান।
টিসিবির পরিবেশক রেজাউল করিম এ বিষয়ে জানান যে প্রতিটি ট্রাকে নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য পণ্য বরাদ্দ থাকলেও উপস্থিত ক্রেতার সংখ্যা থাকে অনেক বেশি। ফলে প্রতিদিন এমন হুড়োহুড়ির পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। রমজান উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। একজন ক্রেতা নির্ধারিত পণ্য কিনলে বাজারদরের চেয়ে প্রায় ৩৫০ টাকা সাশ্রয় করতে পারেন। উচ্চ মূল্যস্ফীতি ও আয়ের সংকোচনের কারণে স্বল্প আয়ের মানুষের জন্য এই সাশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন অর্থনৈতিক চাপের কারণেই টিসিবির ট্রাকের পেছনে মানুষের এই দীর্ঘ সারি ও মরিয়া ভাব দেখা যাচ্ছে। উল্লেখ্য বর্তমানে সারাদেশে ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন এই পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









