প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে এক ঘণ্টার মধ্যে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – রাজধানীর খিলগাঁওয়ে অপহরণের শিকার হওয়া এক স্কুলছাত্রকে এক ঘণ্টার ব্যবধানে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে একটি নির্মাণাধীন ভবন থেকে নবম শ্রেণির ওই ছাত্রকে উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে এই দ্রুত উদ্ধার অভিযান সফল হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা যায়, অপহৃত ছাত্রের বাবা খন্দকার শামীম বাংলাদেশ সচিবালয়ের একজন কর্মচারী। ছেলের অপহরণের সংবাদ পেয়ে তিনি কান্নারত অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেন এবং প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পান। বিষয়টি শোনামাত্রই প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম জানান, দুপুর আড়াইটার দিকে স্কুল থেকে ফেরার পথে খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত ওই ছাত্রকে তুলে নিয়ে যায়। তাকে একটি সাততলা ভবনে আটকে রেখে মারধর করা হয় এবং বাবার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
পুলিশ কর্মকর্তা আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার পর তারা কৌশলে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। মুক্তিপণের টাকা পাঠানোর বিষয়ে আলোচনার ছলে তাদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর দ্রুত অভিযান চালিয়ে ছাত্রটিকে উদ্ধার করা সম্ভব হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









