সাবেক ডিআইজি নাজমুল আলমের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের অবসরপ্রাপ্ত উপ মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলমের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন দুদকের পক্ষ থেকে সংস্থাটির সহকারী পরিচালক মনির মিয়া আদালতে অভিযোগ সংশ্লিষ্ট নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন জানান। আদালতে দাখিলকৃত আবেদনে উল্লেখ করা হয় যে, সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান বর্তমানে কমিশনে চলমান রয়েছে।
দুদকের আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগ করার চেষ্টা করছেন। এমতাবস্থায় অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করে এই নিষেধাজ্ঞা আরোপ করেন।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









