সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক সংগ্রহ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ২৪ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্ক সংগ্রহ বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট ১৯৭৭ (আইইপিএ) ব্যবহার করে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ওপর যে পাল্টাপাল্টি শুল্ক আরোপ করা হয়েছিল, তা মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকরভাবে বন্ধ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের কাস্টমস ও সীমান্ত সুরক্ষা কর্তৃপক্ষের (সিবিপি) বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।
ইতোমধ্যে সিবিপি কর্মকর্তারা কার্গো সিস্টেমস মেসেজিং সার্ভিসের (সিএসএমএস) মাধ্যমে জাহাজ চালক ও সংশ্লিষ্টদের কাছে বার্তা পাঠিয়েছেন। নির্দেশনায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আইইপিএ আদেশ সংশ্লিষ্ট সব শুল্ক কোড নিষ্ক্রিয় করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২ এপ্রিল ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণা করেছিলেন, যেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কযুক্ত দেশগুলোর ওপর ১০ শতাংশ বেসলাইন শুল্ক এবং পাল্টাপাল্টি শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করা হয়। চীন, ভারত, কানাডা, মেক্সিকো ও ব্রাজিলের মতো দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েনের জেরে এই নীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। তবে গত ২১ ফেব্রুয়ারি শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে ট্রাম্পের এই শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, আইইপিএ ১৯৭৭ আইন প্রেসিডেন্টকে নিজের ইচ্ছামতো শুল্ক আরোপের ক্ষমতা দেয় না এবং এটি তার এখতিয়ার বহির্ভূত। আদালতের এই রায় ঘোষণার তিন দিন পর মাঠ পর্যায়ে নির্দেশনাটি কার্যকর হতে শুরু করল। তবে রায় কার্যকরে কেন তিন দিন সময় লাগল, সে বিষয়ে কাস্টমস কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









