পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ পুলিশ বাহিনীর ঐতিহ্যবাহী খাকি পোশাক পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার রাতে সংগঠনটির সাধারণ সম্পাদক ও কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পুলিশের পোশাক পরিবর্তনের আগে এ বিষয়ে আরও গভীর গবেষণা ও জনমত যাচাই করা প্রয়োজন।
বিবৃতিতে বলা হয়, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকারের সময় গঠিত একটি কমিটির মাধ্যমে দীর্ঘ যাচাই-বাছাই শেষে পুলিশের বর্তমান ইউনিফর্মটি নির্ধারণ করা হয়েছিল। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন ও রাতের ডিউটিতে দৃশ্যমানতা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে যেন সাদৃশ্য না থাকে, সেসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছিল। সংগঠনটি দাবি করেছে, অন্তর্বর্তী সরকার সম্প্রতি নতুন যে পোশাক নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে, তাতে মাঠপর্যায়ের সদস্যদের মতামত, আবহাওয়া ও পারিপার্শ্বিক বিষয়গুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এছাড়া অন্য ইউনিফর্মধারী বাহিনীর সঙ্গে নতুন পোশাকের মিল থাকায় পুলিশকে আলাদাভাবে চিহ্নিত করতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সংগঠনটির মতে, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পক্ষে নন। বর্তমান পোশাকটি বাংলাদেশ পুলিশের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত। বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ইউনিফর্ম পরিবর্তনের মতো ব্যয়বহুল উদ্যোগের চেয়ে বাহিনীর আধুনিকায়ন জরুরি। বিশেষ করে থানা পর্যায়ে যানবাহন সংকট নিরসন ও লজিস্টিক সহায়তা বৃদ্ধিতে এই অর্থ ব্যয় করা অধিক যৌক্তিক হবে। পোশাকের রং বা নকশা পরিবর্তনের চেয়ে পুলিশ সদস্যদের মনোবল, মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়নকেই এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছে সংগঠনটি।
এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









