মুন্সিগঞ্জ

রমজানে বাজার নিয়ন্ত্রণে সিরাজদিখানে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

মুন্সীগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজার এলাকায় বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই বাজার মনিটরিং কার্যক্রম চলে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি।

অভিযান চলাকালে মুদি, ফল ও মাংসের দোকানে তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় ৬ জন ব্যবসায়ীকে মোট ৬টি মামলায় সর্বমোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টাঙানো এবং সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজারে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

এস এম/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language