দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৫৯ হাজার ছুঁইছুঁই

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – দেশের বাজারে টানা দুই দফা হ্রাসের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। শনিবার সকাল সোয়া ১০টা থেকেই স্বর্ণের এই নতুন দাম কার্যকর হয়েছে এবং রবিবারও সারাদেশে একই দামে স্বর্ণ বিক্রি হবে বলে নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন নির্ধারিত তালিকা অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা ধরা হয়েছে। স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও। ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৭০৭ টাকা।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬








