তারেক রহমানের সরকারে ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, রাজনৈতিক উপদেষ্টা হলেন ৩ জন

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় সদ্য নিয়োগপ্রাপ্ত উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন সম্পন্ন হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের ওপর এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার দশজন উপদেষ্টাকে নিয়োগ প্রদান করা হয়েছিল।
প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
মাহদী আমিনকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









