রেলওয়েকে লাভজনক করতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ রেলমন্ত্রীর

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – নতুন সরকার বাংলাদেশ রেলওয়েকে আর লোকসানি প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি রেলওয়েকে ঢেলে সাজিয়ে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানান।
বৃহস্পতিবার রাজধানীর রেল ভবনে রেল কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত তথ্য জানানো হয়েছে। মন্ত্রী উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী রেলওয়ের উন্নয়ন ও যাত্রীসেবার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তিনি জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহারে রেলকে জাতীয় পরিবহনের কেন্দ্রীয় মেরুদণ্ড হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
সভায় রেলমন্ত্রী আগামী ১৮০ দিনের মধ্যে নির্বাচনি ইশতেহারের আলোকে বাস্তবায়নযোগ্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম রুটে ট্রেনের যাত্রাপথ এবং সময় কমানোর উপায় খুঁজে বের করতে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেন এবং সে অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান, নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন উপস্থিত ছিলেন।
এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









