জাতীয়

ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়, মেরুদণ্ড সোজা রেখে চলবে পররাষ্ট্রনীতি: শামা ওবায়েদ

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নব‌নির্বা‌চিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভিসা সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে সরকার পুরোপুরি অবগত রয়েছে এবং কীভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায়, সে বিষয়ে জোর তৎপরতা চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় বলেও তিনি উল্লেখ করেন। শামা ওবায়েদ বলেন, একটি গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি যেমন হওয়া উচিত, বাংলাদেশ ঠিক সেভাবেই মেরুদণ্ড সোজা করে বিশ্বের সব দেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে এবং সম্পর্ক এগিয়ে নেবে।

জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করার কারণে সেই মেরুদণ্ড এখন শক্ত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশই প্রথম’ প্রতিশ্রুতি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতিটি নাগরিকের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কূটনৈতিক কার্যক্রম পরিচালনার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language