এশিয়া

চীনে আতশবাজির দোকানে ভয়াবহ বিস্ফোরণ, ৫ শিশুসহ নিহত ১২

চীন, ১৯ ফেব্রুয়ারি – চীনে চান্দ্র নববর্ষের ছুটির আমেজের মধ্যেই আতশবাজি বিক্রির একটি দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচ শিশুসহ মোট ১২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে বুধবার বিকেলে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের জিনপু গ্রামে এই দুর্ঘটনা ঘটে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে নিশ্চিত হওয়া গেছে যে নিহতদের মধ্যে পাঁচজনই অপ্রাপ্তবয়স্ক। নিহত সবার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নিহত ১২ জনের মধ্যে ১১ জনই ছিলেন আতশবাজি কিনতে আসা ক্রেতা এবং বাকি একজনকে দোকানের মালিক বলে ধারণা করা হচ্ছে। নিহতদের মধ্যে তিনজন প্রায় ৭৮০ কিলোমিটার দূরের চেংডু শহর থেকে স্বজনদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে জানা গেছে। চান্দ্র নববর্ষ উদযাপনে চীনে আতশবাজি ও পটকা ফোটানোর দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে।

তবে নিরাপত্তা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণের কথা বিবেচনা করে সাম্প্রতিক বছরগুলোতে বেইজিংসহ কয়েকটি বড় শহরে আতশবাজি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অবশ্য গ্রামীণ এলাকায় এই প্রথা এখনো ব্যাপকভাবে প্রচলিত থাকায় ছুটির সময়ে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায়। উল্লেখ্য, এর আগে গত রোববার দেশটির পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশেও আতশবাজির আরেকটি দোকানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল যাতে আটজন নিহত এবং দুইজন আহত হন।

এ এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language