শিক্ষা

একই স্কুলে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হলে পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আর্থিক অনিয়ম রোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে প্রকাশিত নীতিমালা অনুযায়ী এখন থেকে কোনো শিক্ষার্থী একই প্রতিষ্ঠানে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর তাদের কাছ থেকে পুনরায় ভর্তি ফি আদায় করা যাবে না।

গত ৯ ফেব্রুয়ারি এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয় যা ১৬ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো প্রতিষ্ঠানে আগে থেকেই অধ্যয়নরত শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনরায় ভর্তি ফি নেওয়া যাবে না। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা অনুসরণ করে নিয়মিত বেতন বা টিউশন ফি আদায় করা যাবে।

এছাড়া নির্ধারিত খাত ও হারের বাইরে অন্য কোনো নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের যাবতীয় আয় ও ব্যয়ের হিসাব নির্ধারিত ক্যাশবইয়ে সংরক্ষণ করতে হবে এবং এ ক্ষেত্রে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের নির্দেশনা মানা বাধ্যতামূলক।

এনএন/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language