জাতীয়

রমজানের চাঁদ দেখা কমিটির সভা বুধবার, জানা যাবে রোজা শুরুর তারিখ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে বুধবার বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টায় বা বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য জানাতে নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো- ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭। নিয়ম অনুযায়ী, বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে পবিত্র রোজা শুরু হবে। আর যদি এদিন চাঁদ দেখা না যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং শুক্রবার থেকে রোজা শুরু হবে। মুসলিম উম্মাহর কাছে রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে আসছে পবিত্র মাহে রমজান।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language