রংপুরে অভিযানে গিয়ে তোপের মুখে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা

রংপুর, ১৭ ফেব্রুয়ারি – রংপুর সিটি বাজারে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও মান তদারকিতে গিয়ে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সিটি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মাছ বাজারে রঙিন লাইট ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামালসহ অন্য ব্যবসায়ীরা উত্তেজিত হয়ে অভিযান বন্ধ করার জন্য চাপ প্রয়োগ করেন।
পরে ব্যবসায়ীদের তোপের মুখে জরিমানা করা থেকে সরে এসে মাছ ব্যবসায়ীদের সতর্ক করে পরিস্থিতি শান্ত করেন কর্মকর্তারা। মাছ বাজারের আগে কর্মকর্তারা খেজুরের বাজারে অভিযান চালান। সেখানে খেজুরের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মানসম্মত পণ্য বিক্রি না করার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এবং রংপুর চেম্বারের পরিচালক পার্থ বোসসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রংপুর সিটি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল অভিযোগ করেন যে ব্যবসায়ী নেতাদের অবগত না করেই ভোক্তা অধিদপ্তর বাজারে অভিযান চালিয়েছে।
অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম জানান যে মাছ বাজারে ব্যবসায়ীরা রঙিন লাইট লাগিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিল এবং অপরাধ বিবেচনায় তাদের জরিমানা করতে চেয়েও ব্যবসায়ী নেতাদের অনুরোধে শেষ পর্যন্ত সতর্ক করা হয়েছে।
এ এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









