গাজা পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার অর্থায়নের ঘোষণা ট্রাম্পের

গাজা, ১৬ ফেব্রুয়ারি – বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলো গাজায় পুনর্গঠন ও মানবিক কার্যক্রমের জন্য ৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়নের প্রতিশ্রুতি ঘোষণা করতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন বৈঠকের আগে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সময় রোববার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান যে সদস্য রাষ্ট্রগুলো ফিলিস্তিনি উপত্যকায় জাতিসংঘ অনুমোদিত একটি স্থিতিশীলতা বাহিনী ও স্থানীয় পুলিশের জন্য হাজার হাজার কর্মী মোতায়েনের অঙ্গীকার করেছে।
আগামী বৃহস্পতিবার ওয়াশিংটনে বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই প্রতিশ্রুতির ঘোষণা দেওয়া হবে বলে ট্রাম্প উল্লেখ করেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ ২০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। নিজ মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যে বোর্ড অব পিস ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে। এই সংস্থায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকে সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
বর্তমানে বোর্ড অব পিস এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে গাজা পুনর্গঠনের জন্য সুনির্দিষ্টভাবে কোন কোন সদস্য দেশ অর্থ দিচ্ছে সেই বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। তুরস্ক মিসর সৌদি আরব কাতার ও ইসরায়েলের মতো আঞ্চলিক শক্তিগুলো এবং ইন্দোনেশিয়ার মতো উদীয়মান দেশ বোর্ডে যোগ দিয়েছে। তবে বৈশ্বিক পরাশক্তি ও ঐতিহ্যবাহী পশ্চিমা মার্কিন মিত্ররা এ বিষয়ে তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছে।
এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬





