বগুড়ায় তিন দিনে তিন খুন* আতঙ্কে জনজীবন, ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা

বগুড়া, ১৬ ফেব্রুয়ারি – বগুড়ায় মাত্র তিন দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ড এবং একটি নৃশংস হত্যাচেষ্টার ঘটনায় জেলাজুড়ে চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চাঞ্চল্যকর এসব ঘটনার পর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে না পারায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
গত রোববার গাবতলী উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির অদূরেই পরিবহন ব্যবসায়ী সাইফুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সাইফুলের মেয়ে সাদিয়া আক্তারের আর্তনাদে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। এর আগে শনিবার পারিবারিক বিরোধের জেরে শহরের মাটিডালী এলাকায় ছুরিকাঘাতে খুন হন ছাত্রদল নেতা ফাহিম হাসান।
একই দিনে নিশিন্দারা এলাকায় বাবার গ্যারেজ থেকে উদ্ধার করা হয় ১৬ বছর বয়সী কিশোর আলিফের রক্তাক্ত মরদেহ। খুন ছাড়াও জেলাটিতে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। সেউজগাড়ী এলাকায় চাঁদা না দেওয়ায় সুনীল নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে এবং তিনি বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল।
এছাড়া হরিজন সম্প্রদায়ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে নেমেছে। সরকারি আজিজুল হক কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল মনে করেন যে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতিই অপরাধ বৃদ্ধির মূল কারণ। তবে বগুড়া জেলা পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন আশ্বস্ত করেছেন যে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং তদন্তে অগ্রগতি রয়েছে।
এ এম/ ১৬ ফেব্রুয়ারি ২০২৬









