টানা ৫ দিনের ছুটি শেষে সোমবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আগামীকাল সোমবার খুলছে দেশের সব স্কুল, কলেজ ও মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। নির্বাচন উপলক্ষে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাধারণ ছুটি ছিল।
এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ক্লাস বন্ধ থাকে। এছাড়া আজ রবিবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে সব মিলিয়ে টানা পাঁচ দিন ছুটি কাটিয়েছে শিক্ষার্থীরা। এর আগে চলতি মাসের শুরুতেই মাঘী পূর্ণিমা এবং ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত উপলক্ষেও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল। বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে দেখা যায়, এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিন ছুটি থাকবে।
এর মধ্যে আগামী ৮ মার্চ থেকে পবিত্র রমজান, ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবসসহ বেশ কয়েকটি উপলক্ষ মিলিয়ে টানা ১৯ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ এই ছুটির পর ২৯ মার্চ থেকে পুনরায় পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এছাড়া পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিনের বিরতি থাকবে। দুর্গাপূজায় এবার পাঁচ দিনের ছুটি রাখা হয়েছে। পাশাপাশি লক্ষ্মীপূজা, প্রবারণা পূর্ণিমা এবং ফাতেহা ই ইয়াজদাহমে একদিন করে ছুটি থাকবে। এর বাইরে প্রতিষ্ঠানপ্রধানের সংরক্ষিত ছুটি এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবসে নিয়ম অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এস এম/ ১৫ ফেব্রুয়ারি ২০২৬









