জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাতে যাচ্ছেন তারেক রহমান

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয়ভাবে নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হতে যাচ্ছেন। পরিকল্পনা অনুযায়ী, তিনি রোববার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাবেন। শনিবার দলীয় সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রোববার সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের বাসায় এবং পরবর্তী এক ঘণ্টার মধ্যে রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। উল্লেখ্য, এবারের সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়ী হয়েছে এবং শরিকদের ৩টি আসন মিলিয়ে জোটগতভাবে তাদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ২১২টিতে। নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিজেও ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে বিজয়ী হয়েছেন।
এসএএস/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









