সরবরাহ কিছুটা বাড়লেও বাজারে সবজি, মাছ ও মুরগির দাম কমেনি

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – ভোটের ছুটির কারণে রাজধানীর বাজারে সবজি, মাছ, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ কমে গেছে। নির্বাচনের সময় যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও নিত্যপণ্য বহনকারী গাড়ি এর বাইরে ছিল, তবুও ঝুঁকি থাকায় বিভিন্ন জেলা থেকে পণ্যবাহী গাড়ি কম আসায় সরবরাহ কমেছে। এতে বিভিন্ন সবজি, মাছ ও মুরগির দাম বেড়েছে।
বিক্রেতারা বলছেন, গত দুই-তিন দিন স্বাভাবিকের তুলনায় সরবরাহ কম ছিল। শনিবার (১৪ ফেব্রুয়ারি) কিছুটা সরবরাহ বাড়লেও পাইকারি বাজারে দাম আগের মতোই বেশি আছে।
রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, গত কয়েক দিনের মতো আজও ক্রেতা-বিক্রেতা কম। কাঁচাবাজারের বেশিরভাগ দোকান বন্ধ রয়েছে। ক্রেতা স্বাভাবিক সময়ের প্রায় এক-তৃতীয়াংশে নেমে এসেছে। অনেক মানুষ এখনো ভোটের ছুটিতে ঢাকার বাইরে থাকায় বাজারে লোকজন কম।
শনিবার সকালে মুগদা-মানিকনগর বাজারে শিম, মুলা ও বেগুন মানভেদে কেজি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ৩০-৪০ টাকা। পেঁপে ও মিষ্টিকুমড়া ৪০-৫০ টাকা কেজি, আগের সপ্তাহের চেয়ে ১০ টাকা বেশি। ফুলকপি প্রতি পিস ৫০-৬০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, লাউ ৮০-৯০ টাকা।
লেবু প্রতি হালি ৮০-১০০ টাকা। মরিচ কেজিতে ৩০-৪০ টাকা বেড়ে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। শসা ৮০-১০০ টাকা কেজি এবং গাজর ও টমেটো ৫০-৬০ টাকা কেজি। সালাদের চাহিদা বেশি থাকায় এই তিন ধরনের সবজির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে।
পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে, গত সপ্তাহে ছিল ৫০ টাকা। আলু কেজি ২৫-৩০ টাকা, যা আগে ছিল ২০-২৫ টাকা।
মাছের বাজারেও প্রায় সব মাছের দাম বেশি। রুই ২৮০-৩২০ টাকা, কাতলা ৩০০-৩৫০ টাকা, পাঙাশ ১৮০-২০০ টাকা, তেলাপিয়া ১৬০-২০০ টাকা কেজি। চিংড়ি ৬৫০-৭০০ টাকা কেজি। মাঝারি কই ২০০-২৫০ টাকা, দেশি শিং ৬৫০-৭৫০ টাকা, শোল ৬৫০ টাকা, সুরমা ৩৫০ টাকা এবং পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি।
ব্রয়লার মুরগির দাম দুই দিনে কেজিতে ১০-২০ টাকা বেড়ে ১৮০-১৯০ টাকা হয়েছে। সোনালি মুরগি ৩২০-৩৪০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ২৯০-৩০০ টাকা। মুরগির দাম বাড়লেও ডিম আগের মতোই ডজন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
গরুর মাংস কেজি ৮০০-৮৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭৮০-৮০০ টাকা। খাসির মাংস আগের মতোই কেজি ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এনএন/ ১৪ ফেব্রুয়ারি ২০২৬









