ঝিনাইদহ

ঝিনাইদহে ফলাফল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

ঝিনাইদহ-৪, ১৩ ফেব্রুয়ারি – ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনের ফলাফল ও দলীয় মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী রাশেদ খান ও কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সমর্থকদের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই দফায় দফায় সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে ১৪ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আমীর হোসেন এবং তার ছেলে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই কোন্দল বিরাজ করছিল।

আসনটিতে জামায়াত মনোনীত প্রার্থী মো. আবু তালিব জয়ী হওয়ার পর শুক্রবার সকালে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ধানের শীষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী কার্যালয় এবং মহেশপুর প্রেস ক্লাব কার্যালয়ে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় জামায়াত নেতারা চেষ্টা করেও ব্যর্থ হন এবং তাদের ওপরও হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে কালীগঞ্জ ও মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে স্থানীয় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর কয়েকজনকে ঝিনাইদহ সদর ও যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ অভিযোগ করেন, বিনা উসকানিতে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও অফিস ভাঙচুর করা হয়েছে এবং পুলিশ সহযোগিতা করেনি। অন্যদিকে ধানের শীষের প্রার্থী রাশেদ খান দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন করেছেন এবং ফলাফল ঘোষণার পর তাদের ওপর হামলা চালিয়েছেন। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সত্য নয়। খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এস এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language