ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যের পথে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী

মধ্যপ্রাচ্য, ১৩ ফেব্রুয়ারি – বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরীকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেবেন কি না তা বিবেচনার মধ্যেই এই নির্দেশনার বিষয়টি সামনে এলো।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের এই রণতরীটি অঞ্চলটিতে মোতায়েন করার ফলে সেখানে এখন দুটি বিমানবাহী রণতরী ও তাদের সংশ্লিষ্ট যুদ্ধজাহাজ অবস্থান করবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নতুন চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ প্রয়োগের অংশ হিসেবেই ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইউএসএস আব্রাহাম লিংকন এবং তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার দুই সপ্তাহেরও বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। ট্রাম্প প্রশাসন ইরানকে সতর্ক করে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ফলাফল অত্যন্ত ভয়াবহ হবে। ওমানে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথাও শোনা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকের পর ট্রাম্প ইরানের ওপর চাপ অব্যাহত রাখার বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
নেতানিয়াহু যেকোনো চুক্তির অংশ হিসেবে তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করার আহ্বান জানিয়েছেন। ইউএসএস ফোর্ড ২০২৫ সালের জুনের শেষ দিকে মোতায়েনের উদ্দেশ্যে যাত্রা শুরু করায় জাহাজটির ক্রুদের টানা আট মাস বা তার বেশি সময় সাগরে অবস্থান করতে হতে পারে। যদিও জাহাজটি ঠিক কত দিন মধ্যপ্রাচ্যে অবস্থান করবে তা এখনো স্পষ্ট নয় তবে এই সিদ্ধান্তের ফলে ক্রুদের জন্য দীর্ঘমেয়াদি মোতায়েনের পরিস্থিতি তৈরি হয়েছে।
এ এম/ ১৩ ফেব্রুয়ারি ২০২৬









